ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে চলমান অবরোধ কর্মসূচির মধ্যে হাবিবুর রহমান (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) সকাল পৌনে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা সদরের দক্ষিণপাড় এলাকায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
হাবিবুর রহমান ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের চরকান্দা আমতলা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি স্থানীয় ইয়ার মার্কেটে ব্র্যাক ব্যাংকের নিচতলায় ‘আতিয়ার স্টোর’ নামে একটি মুদি দোকান পরিচালনা করতেন। তাঁর পরিবারে রয়েছেন স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র।
স্বজনদের বরাতে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে হাবিবুর রহমান অবরোধ কর্মসূচিতে অংশ নেন। এ সময় তিনি অসুস্থ বোধ করায় ভ্যানে করে নিজের দোকানে ফিরে আসেন। অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে হাবিবুর রহমানের মৃত্যু হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান জানান, হাবিবুর রহমান তাঁর দোকানে অসুস্থ হয়ে মারা গেছেন। তবে, আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম. ম. সিদ্দিক বলেন, অবরোধস্থলেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পরে তাঁকে ভ্যানে করে দোকানে নিয়ে যাওয়া হয়।
ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেটে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের (নগরকান্দা ও সালথা) সঙ্গে যুক্ত করা হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করছেন।