মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরানের শীর্ষ সামরিক এক কর্মকর্তার দেওয়া বক্তব্যে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। ইরান-ইসরায়েল চলমান সংঘাত ঘিরে সম্ভাব্য পারমাণবিক যুদ্ধের ইঙ্গিত দিয়ে তিনি দাবি করেছেন, ইসরায়েল যদি ইরানে পারমাণবিক অস্ত্র প্রয়োগ করে, তাহলে পাকিস্তানও ইসরায়েলে পারমাণবিক হামলা চালাবে।
ইরানের প্রভাবশালী নিরাপত্তা পরিষদের সদস্য এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (IRGC)-এর জ্যেষ্ঠ কর্মকর্তা জেনারেল মোহসেন রেজাই দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। তিনি বলেন, “ইসরায়েল যদি পারমাণবিক হামলা চালায়, তাহলে পাকিস্তান আমাদের পাশে দাঁড়িয়ে পারমাণবিক পাল্টা জবাব দেবে—এমন আশ্বাস আমরা পেয়েছি।”
জেনারেল রেজাই আরও বলেন, পাকিস্তান মুসলিম বিশ্বের পক্ষ নিয়ে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তবে পাকিস্তান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো এই বক্তব্যের সত্যতা নিশ্চিত করা হয়নি বা কোনো মন্তব্য আসেনি।
চরমে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি
গত শুক্রবার ইসরায়েল, ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি ও পারমাণবিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালায়। ইরান দাবি করেছে, এই হামলায় তাদের ২২৪ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন শীর্ষ সেনা কর্মকর্তা ও গুরুত্বপূর্ণ পারমাণবিক বিজ্ঞানীরা।
এর প্রতিক্রিয়ায় ইরান একাধিক দফায় ইসরায়েল লক্ষ্য করে শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে। সোমবার ভোরেও ইরান বড় পরিসরে হামলা চালায়, যার ফলে তেল আবিব, হাইফা, রামাত গনসহ বিভিন্ন শহরে বিমান হামলার সতর্কতা সাইরেন বাজতে থাকে। ইসরায়েলের জরুরি সেবা সংস্থাগুলো জানিয়েছে, এই হামলাগুলোতে নিহত ও আহতের সংখ্যা বাড়ছে।
বিশ্বজুড়ে উদ্বেগ, পারমাণবিক সংঘাতের আশঙ্কা
বিশ্লেষকরা মনে করছেন, এই সংঘর্ষ এখন আর শুধু আঞ্চলিক সীমায় সীমাবদ্ধ নেই—এটি খুব দ্রুতই একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে বড় শক্তিগুলোর জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আর পারমাণবিক হামলার হুমকি ও পাল্টা হুমকি গোটা বিশ্বের জন্যই গভীর উদ্বেগের কারণ হয়ে উঠেছে।
আন্তর্জাতিক কূটনৈতিক মহল এখন খুবই সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা ইতিমধ্যে শান্তি ফেরাতে আহ্বান জানালেও বাস্তবতা হলো, পক্ষগুলো এখনো যুদ্ধবিরতির লক্ষণ দেখাচ্ছে না।