রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পরিপ্রেক্ষিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের আজকের (সোমবার) আলোচনা মুলতবি করা হয়েছে। এ মর্মান্তিক ঘটনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ এক মিনিট নীরবতা পালন করেন এবং হতাহতদের জন্য দোয়া করেন।
সকালে বেলা ১১টায় কমিশনের আলোচনা পর্ব শুরু হলেও দুপুর বিরতির পর নির্ধারিত সময়ে তা আর পুনরায় শুরু হয়নি। আজকের আলোচনার মূল বিষয় ছিল—প্রধানমন্ত্রীর একাধিক পদে অধিষ্ঠিত থাকার বিষয়টি ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি। অর্ধদিবস আলোচনার পরেও ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি।
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ বলেন, আজ সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে বিধ্বস্ত হয়। এতে হতাহতের খবর পাওয়া গেছে, যা অত্যন্ত বেদনাদায়ক। কমিশনের পক্ষ থেকে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একই সঙ্গে আহতদের চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
ড. আলী রীয়াজ সকল রাজনৈতিক দল এবং দেশের নাগরিকদের আহ্বান জানিয়েছেন, আহতদের পাশে দাঁড়িয়ে মানবিক দায়িত্ব পালনে এগিয়ে আসতে।