বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, ‘ওনার অবস্থা স্থিতিশীল আছে, এটা বলতে পারেন। গত কয়েক দিনের মতোই আলহামদুলিল্লাহ সেটি মেনটেইন করে যাচ্ছেন।’ চিকিৎসকেরা আশা করছেন, খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। দেশি-বিদেশি চিকিৎসকেরা যে চিকিৎসা দিচ্ছেন, তা তিনি গ্রহণ করতে পারছেন।
গত ২৩ নভেম্বর থেকে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে তাঁর চিকিৎসা চলছে।
খালেদা জিয়ার নানা জটিলতার মধ্যে ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুসের সমস্যা রয়েছে। কিডনির সমস্যায় হিমোগ্লোবিন কমে গিয়েছিল, সেটি বেড়েছে। কিডনির কার্যকারিতা সামান্য উন্নতি হয়েছে এবং ফুসফুসেরও উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। তবে তিনি এখনো আশঙ্কামুক্ত নন। নিয়মিত শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে।
বিএনপির পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার চেষ্টা করা হলেও শারীরিক অবস্থা আকাশযাত্রার উপযোগী না হওয়ায় দেশেই চিকিৎসা চলছে।
লন্ডন থেকে ঢাকায় পৌঁছানোর পর গত শুক্রবার থেকে প্রতিদিন হাসপাতালে যাচ্ছেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। তিনি মেডিকেল বোর্ডের সঙ্গে চিকিৎসা বিষয়ে যুক্ত রয়েছেন।
খালেদা জিয়ার স্থিতিশীল অবস্থা দলীয় নেতা-কর্মীদের মধ্যে স্বস্তি এনেছে।