দায়িত্ব গ্রহণের পর আজ শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথমবারের মতো অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে এটি তাঁর তৃতীয় কর্মদিবস।
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর গত বুধবার ও বৃহস্পতিবার তিনি সচিবালয়ে অফিস করেন।
প্রধানমন্ত্রী আজ শনিবার সকাল ১০টা ১০ মিনিটে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান।
কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রী কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকারের সময়কার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের খোঁজখবর নেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যালয়ের অনেক পুরোনো কর্মকর্তা ও কর্মচারীর নাম ধরে ডেকে তাঁদের সঙ্গে কথা বলেন।
কার্যালয়ে প্রবেশ করে প্রধানমন্ত্রী একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন কার্যালয় চত্বরে। তিনি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাত করেন।
এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডাকটিকিট উন্মোচন তারেক রহমান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট উন্মোচন করেন।
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি এই ডাকটিকিট উন্মোচন করেন।