আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ক্ষমতায় আসার পর মুক্তিযুদ্ধের অঙ্গীকারকে বিশ্বাসঘাতকতা করলে তার ফলাফল কী হয়, তা শেখ মুজিবুর রহমান নিজের জীবন দিয়ে বুঝিয়েছিলেন। কিন্তু তাঁর কন্যা এই শিক্ষাটি গ্রহণ করেননি। তিনি আরও বলেন, অভ্যুত্থানের অঙ্গীকার ভুলে গেলে, আমরা যত বড় অবদানই রাখি না কেন, সবাইকে একদিন আওয়ামী লীগের মতো পরিণতি ভোগ করতে হবে।
শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে এবি পার্টি চট্টগ্রাম মহানগরের আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মঞ্জু এসব কথা বলেন।
মজিবুর রহমান আরও বলেন, জুলাইয়ের আন্দোলন কোনো একক ব্যক্তি বা দলের নেতৃত্বে হয়নি এবং সংখ্যার দম্ভ দেখিয়ে গণ-অভ্যুত্থান ঘটে না। ২৪ জুলাইয়ের গণ-অভ্যুত্থান এই সত্য প্রমাণ করেছে। শহীদ আবু সাঈদকে উল্লেখ করে তিনি বলেন, এক আবু সাঈদই সব রাজনৈতিক দলের চেয়ে বড়।
আলোচনা সভায় এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর আহ্বায়ক গোলাম ফারুক সভাপতিত্ব করেন এবং সঞ্চালনায় ছিলেন নগর সদস্যসচিব সৈয়দ আবুল কাশেম।
সভায় কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. দিদারুল আলম, নগর শাখার যুগ্ম আহ্বায়ক ছিদ্দিকুর রহমান, মুক্তিযুদ্ধ বিষয়ক সহসম্পাদক হায়দার আলী চৌধুরী, নগর শাখার যুগ্ম সদস্যসচিব জায়েদ হাসান চৌধুরী, শহীদুল ইসলাম, যুব পার্টির নগর সমন্বয়ক আব্দুর রহমান, সহসমন্বয়ক মোহাম্মদ জাবেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য আতাউর রহমান নূর, হাটহাজারী উপজেলার আহ্বায়ক বোরহান উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।