ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। আজ রোববার প্রদত্ত এক বিবৃতিতে তিনি এই নিন্দা প্রকাশ করেন।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গতকাল শনিবার সকালে ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করে। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ দেশটির একাধিক শীর্ষস্থানীয় সামরিক ও বেসামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। প্রত্যুত্তরে ইরান ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে।
ইসলামী আন্দোলনের আমির বলেন, ইরান একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র। সেই দেশের প্রধান নেতাকে নিজ বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে হত্যা করা প্রতিষ্ঠিত বিশ্বব্যবস্থার প্রতি স্পষ্ট অবজ্ঞা এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
বিশ্ব পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে রেজাউল করীম বলেন, মার্কিন-ইসরায়েলি এই বর্বর আক্রমণ সমগ্র মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভ করে তুলবে এবং এর অভিঘাত বিশ্বের সকল দেশকেই স্পর্শ করবে। তাই এই সংঘাত অবিলম্বে বন্ধ করা একান্ত আবশ্যক।
বিবৃতিতে শোকাহত ইরানি জনগণের প্রতি আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির।