সংসদ সদস্যদের গোপন ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতিকে সমর্থন জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচন আরও স্বচ্ছ ও গণতান্ত্রিক করতে এ প্রস্তাবের সঙ্গে তার দল একমত।
আজ বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের সংলাপের বিরতিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ মত দেন তিনি।
সাকি বলেন, “আমরা যে কথাটা গুরুত্বসহকারে বলতে চাই, সেটি হলো—রাষ্ট্রপতি নির্বাচন যেন সংসদ সদস্যদের গোপন ব্যালটের মাধ্যমে হয়। এ প্রস্তাব আরও অনেকেই দিয়েছেন এবং আমরা একমত। প্রায় সবাই এ বিষয়ে সম্মতি প্রকাশ করেছেন, কেউ কেউ বলেছেন, দলের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।”
এ বিষয়ে গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, “রাষ্ট্রপতি নির্বাচনের বর্তমান পদ্ধতি পরিবর্তন প্রয়োজন—এ বিষয়ে আজকের আলোচনায় বেশির ভাগ রাজনৈতিক দল একমত হয়েছে। এখন প্রশ্ন হলো, এই প্রক্রিয়ার অগ্রগতি কীভাবে হবে, তা নিয়ে আলোচনা চলছে।”
তিনি আরও জানান, সংলাপে ৭০ অনুচ্ছেদ সংশোধনের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। সংশোধন হলে সংসদ সদস্যরা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে রাষ্ট্রপতি পদে ভোট দিতে পারবেন।
আজকের সংলাপে বিএনপি, জামায়াতে ইসলামী, এবি পার্টি ও বাংলাদেশ কংগ্রেসসহ প্রায় ৩০টি রাজনৈতিক দল অংশ নেয়।