জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘বিচার, সংস্কার, তারপরই নির্বাচন হতে পারে।’ তিনি বলেন, দেশের গণতান্ত্রিক ধারাকে সুদৃঢ় করতে এবং শহীদদের প্রতি সম্মান জানাতে অবশ্যই বিচারকে দৃশ্যমান করতে হবে। যারা গণহত্যা চালিয়েছে, গুলি করেছে, তাদের বিচার বাংলার মাটিতেই করতে হবে। শেখ হাসিনা ও দায়ী পুলিশ সদস্যদের বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।
আজ শনিবার সকালে বগুড়ার পর্যটন মোটেলে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ‘ভবিষ্যতে যেই সরকার আসুক, কেউ যেন এই বিচারে হস্তক্ষেপ করতে না পারে।’ তিনি শহীদ পরিবারগুলোর রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রের প্রতি আহ্বান জানান। তিনি জানান, এনসিপির আসন্ন ‘জুলাই সনদ’-এ শহীদদের মর্যাদা, অবদান এবং কাঙ্ক্ষিত সংস্কারের বিষয়টি গুরুত্ব পাবে।
গণহত্যা মামলাগুলো নিয়ে নানা অনিয়মেরও সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘মামলা নিয়ে বাণিজ্য হয়েছে, পুলিশ আসামিদের আটক করে ছেড়ে দিয়েছে, জামিনও মিলেছে। স্বৈরাচারের দোসররা এখনো সক্রিয় থেকে ফ্যাসিস্টদের পুনর্বাসনে সহায়তা করছে।’ তিনি জানান, এসব মামলা তদারক করবে এনসিপি এবং শহীদ পরিবারের পাশে থাকার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন।
এ সময় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা বলেন, ‘জুলাই আন্দোলনে শহীদ পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আহত ব্যক্তিদের চিকিৎসা নিয়েও যে সমস্যা হয়েছে, তা সমাধানের দাবিও রাখছি।’
সভা শেষে এনসিপি নেতারা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সাতমাথা পর্যন্ত পদযাত্রা করেন এবং সাতমাথা মুক্তমঞ্চে পথসভায় অংশ নেন।