ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী ও গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’–এর সংগঠক সানজিদা ইসলাম আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেছেন।
আজ বৃহস্পতিবার সকালে শাহ আলীর মাজার জিয়ারতের মধ্য দিয়ে প্রচারণা শুরু করেন তিনি। এরপর দারুস সালাম এলাকা থেকে টেকনিক্যাল মোড় ও গাবতলী হয়ে স্থানীয় বালুর মাঠে গিয়ে প্রথম দফার প্রচার শেষ করেন। স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা তাঁর সঙ্গে রয়েছেন।
দুপুরের পর আবারও প্রচারে নামবেন সানজিদা। বেলা ২টার দিকে প্রথম আলোকে তিনি বলেন, ভোটাররা নিরাপত্তাহীনতা, মাদকের ভয়াবহতা, শিক্ষা, স্বাস্থ্যসহ স্থানীয় নানা সমস্যার কথা তুলে ধরছেন। বিশেষ করে নারী ভোটারদের কাছ থেকে নিরাপত্তাহীনতার অভিযোগ সবচেয়ে বেশি আসছে।
তিনি হেঁটে হেঁটে ভোটারদের সঙ্গে কথা বলছেন, সমস্যা শুনছেন এবং সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন। ভোটাররা আশ্বস্ত হচ্ছেন বলে জানান এই প্রার্থী। তিনি সবার কাছে দোয়া ও শুভকামনা চেয়েছেন।
গতকাল বুধবার সানজিদা ইসলাম ধানের শীষ প্রতীক পেয়েছেন। তিনি গুমের শিকার ব্যক্তিদের পরিবারগুলোকে নিয়ে ‘মায়ের ডাক’ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর ভাই সাজেদুল ইসলাম ২০১৩ সালের ৪ ডিসেম্বর রাতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে র্যাবের হেফাজতে নিয়ে যাওয়ার পর এখনো নিখোঁজ রয়েছেন। তিনি তখন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
সানজিদা ইসলামের প্রচারণা শুরুর মধ্য দিয়ে ঢাকা-১৪ আসনে বিএনপির নির্বাচনী তৎপরতা আরও জোরদার হয়েছে।