বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘আমরা যেনতেন কোনো নির্বাচন চাই না। সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনই এই দেশের মানুষের প্রত্যাশা।’
শনিবার সকাল সোয়া ৭টার দিকে ফেনীর পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজারে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, ‘নতুন কিংবা পুরোনো যেকোনো ধরনের ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশের জনগণ যাদের রক্তের বিনিময়ে স্বৈরাচার থেকে মুক্তি পেয়েছে, সেই আত্মত্যাগের সাথে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা বরদাশত করা হবে না।’ তিনি আরও বলেন, ‘আমরা চাই না জাতিকে বারবার রক্ত দিতে হোক। তাই আগামী নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, তা নিশ্চিত করতে হবে।’
অপকর্ম ও লুটপাটের রাজনীতি থেকে সরে আসতে সংশ্লিষ্টদের হুঁশিয়ার করে তিনি বলেন, জনগণ এসব অপকর্মের জবাব দিতেও প্রস্তুত রয়েছে।
এর আগে সকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলার আলেখারচরে আরেকটি পথসভায় জামায়াত আমির বলেন, ‘দীর্ঘদিনের প্রত্যাশা একটি গ্রহণযোগ্য নির্বাচন। আমরা ১৪, ১৮ কিংবা ২৪ মার্কা নির্বাচন চাই না। এর কোনো আলামতও বরদাশত করা হবে না।’ তিনি হুঁশিয়ার করে বলেন, ‘যারা আবারও প্রহসনের নির্বাচন আয়োজনের চেষ্টা করছেন, তাদের জেনে রাখা উচিত—এই জাতি রক্ত দিয়ে পরিবর্তন এনেছে, প্রয়োজনে আবারও তা আনবে।’
তিনি বলেন, ‘চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হলে আল্লাহর আইনের কোনো বিকল্প নেই।’
কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে পথসভাগুলো সঞ্চালনা করেন মহানগরের সেক্রেটারি মাহবুবর রহমান। এ সময় জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম, কুমিল্লা জেলা দক্ষিণের আমির মোহাম্মদ শাজাহান, উত্তরের জেলা আমির আবদুল মতিনসহ জামায়াতের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।