ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
আজ সোমবার মনোনয়নপত্র জমার শেষ দিনে দুপুর সোয়া ১২টার দিকে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তারেক রহমানের মনোনয়নপত্র জমা দেন ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ফরহাদ হালিম, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
দলীয় সূত্রে জানা যায়, দেশে ফেরার পর গত শনিবার তারেক রহমান ঢাকা-১৭ আসনের ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন। গুলশান, বনানী, বারিধারাসহ অভিজাত এলাকা নিয়ে গঠিত এই আসন থেকে তাঁর প্রার্থিতা নিয়ে দলের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল।
২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা তৈরির সময় লন্ডনে থাকায় তারেক রহমান ভোটার হতে পারেননি। আওয়ামী লীগের শাসনামলে দেশে না ফেরায়ও ভোটার হননি। গত বছরের জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনের পথ প্রশস্ত হওয়ায় তিনি ভোটার হয়ে প্রার্থী হচ্ছেন।
তারেক রহমান ঢাকা-১৭ ছাড়াও পৈতৃক এলাকা বগুড়া-৬ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। ইসির তফসিল অনুযায়ী আজ মনোনয়ন জমার শেষ দিন, ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি।