জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম ৩ আগস্টের মধ্যে সরকারকে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদ’ প্রকাশের জন্য চূড়ান্ত সময়সীমা দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন—এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আবারও রাজপথে নামবে এনসিপি।
আজ বৃহস্পতিবার দুপুরে মাগুরায় আয়োজিত এক সমাবেশে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘৩ আগস্ট আমরা শহীদ মিনারে থাকব। এর মধ্যে যদি সরকার জুলাই ঘোষণাপত্র ও সনদ প্রকাশে ব্যর্থ হয়, তাহলে সারা দেশের মানুষকে সঙ্গে নিয়ে আমরা নতুন করে আন্দোলনে নামব।’
এ দিন ছিল ‘জুলাই পদযাত্রার’ দশম দিন। ঝিনাইদহ থেকে মাগুরা সদর উপজেলা পরিষদ পর্যন্ত পদযাত্রা শেষে ভায়না মোড়ে এসে যাত্রা শেষ হয়। পথিমধ্যে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন এনসিপি নেতারা। পদযাত্রা শেষে ভায়না মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নাহিদ ইসলাম ও সংগঠক সাদিয়া ফারজানা দিনা।
স্বাধীনতা স্মৃতিস্তম্ভের পাদদেশে দাঁড়িয়ে নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের সংগ্রাম বৈষম্যহীন, গণতান্ত্রিক, সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত, দুর্নীতিমুক্ত বাংলাদেশের জন্য। এই সংগ্রাম এখনো শেষ হয়নি। আমরা সেই বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে এসেছি।’
নাহিদ ইসলাম আরও জানান, মাগুরায় খুব শিগগিরই এনসিপির সাংগঠনিক বিস্তার ঘটবে। তিনি দুর্নীতি ও চাঁদাবাজদের বিরুদ্ধে সচেতন ও সোচ্চার থাকার জন্য মাগুরাবাসীর প্রতি আহ্বান জানান।
তিনি স্মরণ করিয়ে দেন, জুলাই গণ–অভ্যুত্থানে মাগুরার ১০ জন সাহসী শহীদ হয়েছেন। ‘তাদের রক্ত বৃথা যেতে পারে না’—এমন মন্তব্য করে তিনি বলেন, ‘তাদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করতেই আমাদের এই আন্দোলন। আমরা লড়াই করছি নতুন বাংলাদেশের জন্য, ন্যায়ের জন্য।’
এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন। পদযাত্রা ও পথসভা শেষে এনসিপির নেতারা নড়াইলের উদ্দেশে যাত্রা করেন।