পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানকে হৃদয়ের গভীর থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সংযমের শিক্ষার মাধ্যমে হিংসা-প্রতিহিংসা থেকে মুক্ত হয়ে সমাজে শান্তি, স্বস্তি এবং ন্যায়বিচার ফিরে আসুক—এটাই হোক এই পবিত্র মাসের প্রার্থনা।
পবিত্র মাহে রমজান উপলক্ষে গত বুধবার দেওয়া একটি বাণীতে মির্জা ফখরুল এসব কথা বলেন, এবং আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই পবিত্র মাস।
বিএনপির নতুন সরকারে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করা এই মহাসচিব তাঁর বাণীতে উল্লেখ করেন, রমজানের মূল ইবাদত হলো সিয়াম বা রোজা পালন। এই পবিত্র মাসে একজন রোজাদার যদি মহান আল্লাহর কাছে করুণা প্রার্থনা করে, তাহলে তিনি সন্তুষ্ট হয়ে বান্দাকে ক্ষমা করে দেন। ১১ মাসের অপেক্ষার পর আসা এই মাস অত্যন্ত মর্যাদাপূর্ণ ও বরকতময়। আল্লাহ বলেন, ‘রমজান মাস, যাতে মানুষের পথনির্দেশ এবং সত্য-মিথ্যার পার্থক্যকারী হিসেবে কুরআন অবতীর্ণ হয়েছে।’ তাই এই মাসের গুরুত্ব অপরিসীম। পবিত্র রমজান ইবাদতের একটি বিশেষ মৌসুম। কারণ এতে মানুষের পাপগুলো দূর করে আত্মিক ও আধ্যাত্মিক পরিপূর্ণতার পথ তৈরি করে রোজা। এই মাসের লক্ষ্য হলো পাপ থেকে দূরে থাকা, ঈমান ও তাকওয়া অর্জন করা। রমজানে রোজা ও ইবাদতের মাধ্যমে আল্লাহর রহমত বহুগুণ বর্ষিত হয়।
পবিত্র মাহে রমজানে সকলের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন মির্জা ফখরুল। তিনি তাঁর বাণীতে আরও বলেন, ‘সংযমের মাধ্যমে হিংসা-প্রতিহিংসা, অপরের অমঙ্গল চাওয়া, অশ্লীলতা ও পঙ্কিলতার চক্র থেকে মুক্ত হয়ে সমাজজীবনে শান্তি, স্বস্তি ও ন্যায়বিচার ফিরে আসুক—এটাই হোক পবিত্র রমজান মাসে আমাদের প্রধান প্রার্থনা।’