গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা বিএনপির কার্যালয়ে এক ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি পালন করেছে ছাত্রদল। অভিযোগ উঠেছে, বিএনপির একাংশ সেখানে আওয়ামী লীগের সাবেক নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে প্রবেশ করেছিল। এর প্রতিবাদে গত বুধবার রাতে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা এক মণ দুধ দিয়ে ওই কার্যালয় পরিষ্কার করেন।
বুধবার রাত সাড়ে নয়টার দিকে কালিয়াকৈর বাজারে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। জানা যায়, কালিয়াকৈর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলামের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ছাত্রদল নেতা তৌহিদুল ইসলাম বলেন, ‘গণ–অভ্যুত্থান দিবসে আমরা দোয়া মাহফিল শেষে চলে আসি। পরে জেলা বিএনপির সদস্যসচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী কার্যালয়ে আসেন, সঙ্গে ছিলেন এমন কিছু ব্যক্তি, যাঁরা আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এতে আমাদের পার্টি অফিস অপবিত্র হয়েছে, কলঙ্কিত হয়েছে গণ–অভ্যুত্থান দিবস। তাই আমরা এক মণ দুধ দিয়ে অফিস ধুয়ে ফেলেছি।’
এ বিষয়ে চৌধুরী ইশরাক বলেন, ‘কিছু ছেলে দুধ দিয়ে অফিস পরিষ্কার করেছে, ভিডিও করেছে—এটা গুরুত্বপূর্ণ নয়। যাঁদের নিয়ে নতুন কমিটি করা হয়েছে, তাঁরা সবাই বিএনপির সাথেই জড়িত।’
দলীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট ‘গণ–অভ্যুত্থান দিবসে’ কালিয়াকৈর উপজেলা বিএনপি একটি বিজয় মিছিলের আয়োজন করে। সেই মিছিলে বিএনপির একটি অংশের সঙ্গে আওয়ামী লীগের সাবেক নেতা-কর্মীরা অংশ নেন। পরবর্তীতে তারা কার্যালয়ে প্রবেশ করলে ক্ষোভের সৃষ্টি হয়। ছাত্রদল নেতাদের ভাষ্য, এতে দিবসটির মর্যাদা ক্ষুণ্ন হয়েছে এবং দলের ভাবমূর্তিও নষ্ট হয়েছে।
প্রতিবাদ হিসেবে তৌহিদুল ইসলামের নেতৃত্বে দলীয় কার্যালয়ে এক মণ দুধ ঢেলে তা ধুয়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি কর্মী আবদুর রহমান, নাসির উদ্দিন, মিঠুন ব্যাপারী ও যোবায়ের হোসেনসহ অনেকে।
ভিডিওতে দেখা যায়, ছাত্রদলের কর্মীরা মগে করে বালতি থেকে দুধ নিয়ে কার্যালয়ের মেঝে পরিষ্কার করছেন। কেউ কেউ বলছেন, বিএনপির ভেতর ‘নব্য নেতৃত্ব’ আওয়ামী লীগের লোকজনকে ব্যবহার করে ছাত্রদল ও যুবদলকে চাপের মুখে ফেলতে চাইছে।
এই ব্যতিক্রমী প্রতিবাদ এখন এলাকায় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।