কয়েক লাখ মানুষের অভূতপূর্ব ভালোবাসায় আচ্ছাদিত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহরকে বিমানবন্দর থেকে পূর্বাচলের গণসংবর্ধনাস্থলে পৌঁছাতে সময় লেগেছে ৩ ঘণ্টারও বেশি।
দুপুর ১২টা ৪১ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাড়িবহর রওনা দিলেও জুলাই ৩০ এক্সপ্রেসওয়েসহ পুরো পথ জুড়ে নেতাকর্মী ও সমর্থকদের বিশাল জনসমুদ্রের কারণে বেলা ৩টা ৪০ মিনিটে মঞ্চের কাছাকাছি পৌঁছায় বহরটি। গাড়ি আর এগোতে না পারায় ৩টা ৫০ মিনিটে তারেক রহমান হেঁটেই সভামঞ্চে উঠেন।
বেলা ১১টা ৩৯ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইটে ঢাকায় অবতরণ করেন তিনি। দুপুর ১২টা ৩৫ মিনিটে ভিআইপি গেট দিয়ে বের হয়ে লাল-সবুজ রঙের বিশেষ বাসে চড়েন। বাসের সামনে লেখা ‘সবার আগে বাংলাদেশ’—সেখান থেকে দাঁড়িয়ে নেতাকর্মীদের অভিবাদনের জবাবে হাত নাড়েন এবং সালাম গ্রহণ করেন তারেক রহমান।
পুরো পথে বাঁধভাঙা উল্লাসে মুখরিত ছিল পরিবেশ। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে রাজপথ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন পথে পথে।
দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে এমন জনসমুদ্রে ঘেরা স্বাগত পেয়ে তারেক রহমানের প্রত্যাবর্তন হয়ে উঠেছে ঐতিহাসিক।