মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

তারেক রহমানের প্রত্যাবর্তনে রাজনৈতিক জোয়ারের পূর্বাভাস আমীর খসরুর 

ডিসেম্বর 13, 2025
তারেক রহমানের প্রত্যাবর্তনে রাজনৈতিক জোয়ারের পূর্বাভাস আমীর খসরুর 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে এলে রাজনীতিতে নতুন জোয়ার সৃষ্টি হবে—এমন মন্তব্য করে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী নেতা-কর্মীদের নির্বাচনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। 

আজ শনিবার সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন। বিজয়ের মাস উপলক্ষে আয়োজিত এ কর্মশালায় ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ মহানগর বিএনপির নেতারা অংশ নেন। 

ক্ষমতায় গেলে শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, কর্মসংস্থানসহ আটটি খাতে কীভাবে কাজ করবে—তা নিয়ে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের জন্য ধারাবাহিকভাবে এ কর্মশালার আয়োজন করছে বিএনপি। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতারা এতে অংশগ্রহণ করছেন। 

নির্বাচন প্রসঙ্গে আমীর খসরু বলেন, ‘এই নির্বাচনে জয় বিএনপির নয়; এই নির্বাচনের জয় হচ্ছে গণতন্ত্রের। বিএনপি হচ্ছে গণতন্ত্রের টর্চবেয়ারার।’ দেশের বাইরে পরিচালিত একটি জরিপের কথা উল্লেখ করে তিনি জানান, মানুষ বিএনপিকে ভোট দিতে চায় জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নামে এবং গণতন্ত্রের ধারক-বাহক হিসেবে দলের ভূমিকার কারণে। 

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর গুলির ঘটনা প্রসঙ্গে আমীর খসরু বলেন, এ ধরনের ঘটনা দুঃখজনক। এর আগে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতির ওপরও হামলা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা এ মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সহনশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চায়। 

দলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, বর্তমান রাজনীতি ‘মবোক্রেসির রাজনীতি’—অপরকে অসম্মান করা, ছোট করা এবং যেকোনো অজুহাতে অস্থিতিশীলতা সৃষ্টির রাজনীতি। এটা গণতন্ত্রের জন্য কাম্য নয়। বিএনপি শান্তিপূর্ণ ও সহনশীল রাজনীতির প্রত্যয় ঘোষণা করেছে এবং সেখান থেকে সরে দাঁড়ানো যাবে না। 

হাবিব উন নবী খান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বক্তব্য দেন চেয়ারপারসনের উপদেষ্টা জিয়া হায়দার, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক প্রমুখ। 

আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপির এ ধরনের প্রস্তুতি ও নেতৃত্বের প্রত্যাবর্তন নিয়ে আলোচনা রাজনৈতিক মহলে নতুন মাত্রা যোগ করছে। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন