পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় এসেছেন।
আজ বুধবার দুপুর ১২টা ২০ মিনিটে ঢাকায় পাকিস্তান হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে তাঁর আগমনের তথ্য নিশ্চিত করা হয়। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (আন্তসরকারি সংস্থা ও কনস্যুলারবিষয়ক) এম ফরহাদ হোসেন।
খালেদা জিয়ার জানাজা আজ বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ ও পুরো মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। এরপর তাঁকে দাফন করা হবে স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।
গতকাল মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।