সরকারি শূন্য পদে দ্রুত নিয়োগ শুরু, ৫ লাখ কর্মচারী নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর
দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে সরকারি শূন্য পদগুলোতে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা জানান।
কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকারের বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানে উল্লেখযোগ্যসংখ্যক পদ শূন্য রয়েছে। এসব পদে জনবল নিয়োগের মাধ্যমে প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি এবং জনসেবার মান উন্নয়ন করা হবে। তিনি জানান, বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে এবং যত দ্রুত সম্ভব নিয়োগ কার্যক্রম শুরু করা হবে।
সংসদে প্রধানমন্ত্রী আরও জানান, সরকার মোট ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এর অংশ হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং এর অধীনস্থ বিভিন্ন দপ্তর ও সংস্থার শূন্য পদে ২ হাজার ৮৭৯ জন নিয়োগের কার্যক্রম ইতোমধ্যে চলমান রয়েছে।
বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। বৈঠকের প্রথম ৩০ মিনিট ছিল প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব। এ সময় তিনি বিভিন্ন সংসদ সদস্যের প্রশ্ন ও সম্পূরক প্রশ্নের উত্তর দেন।
সরকারের এই বৃহৎ নিয়োগ উদ্যোগকে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে চাকরিপ্রার্থীদের জন্য এটি নতুন সুযোগের দুয়ার খুলে দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।