প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, সরকারের দুর্বলতার কারণেই ‘মবতন্ত্র’ (মবোক্রেসি) প্রশ্রয় পেয়েছে এবং এটিকে কঠোরহস্তে দমন করতে হবে।
আজ রোববার রাজধানীর রেডিসন ব্লু হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
এই ঘটনার জন্য সরকারের দায় সবচেয়ে বেশি বলে উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, ইন্টেলিজেন্স রিপোর্ট থাকা সত্ত্বেও কেন তা আমলে নেওয়া হয়নি এবং আইনশৃঙ্খলা বাহিনী কেন এক-দুই ঘণ্টা পরে সাড়া দিয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। এই দর্পণ চূর্ণবিচূর্ণ করা হয়েছে, যা জাতির জন্য লজ্জাজনক। তবে সাংবাদিকদের মনোবল যেন ভেঙে না পড়ে।
তিনি আরও বলেন, আমরা গণতন্ত্র চেয়েছি, মবোক্রেসি নয়। ২৫ ডিসেম্বর তারেক রহমানের প্রত্যাবর্তনকে গণতন্ত্র শক্তিশালী করার কাজে লাগাতে চান বিএনপি, ব্যক্তি বা দলীয় স্বৈরতন্ত্র নয়।
সভায় বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।