বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বর্তমানে বাংলাদেশে গুপ্ত সংগঠনের সঙ্গে যুক্ত ব্যক্তিরাই নতুন করে জালেমের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। বুধবার দুপুরে বরিশাল নগরের বান্দ রোডের বেলস পার্কে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন।
দুপুর ১২টায় হেলিকপ্টারে করে বরিশাল স্টেডিয়ামে পৌঁছান তারেক রহমান। সেখান থেকে তিনি গাড়িতে করে জনসভাস্থলে যান। এ সময় সড়কের দুই পাশে বিএনপির নেতা–কর্মীরা দাঁড়িয়ে তাকে স্বাগত জানান এবং পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। দুপুর ১২টা ২৭ মিনিটে তিনি মঞ্চে ওঠেন।
জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দলের এমন একটি গোপন পরিচয় রয়েছে, যাদের জনগণ ভিন্ন নামে চেনে। বর্তমানে দেশে এক নতুন ধরনের জুলুমের আবির্ভাব হয়েছে এবং সেই জুলুম চালাচ্ছে এই গুপ্ত সংগঠনের লোকজন। তিনি বলেন, জনগণ এখন স্পষ্টভাবেই বুঝতে পারছে কারা এসব গোপন তৎপরতার সঙ্গে জড়িত।
নারী–পুরুষের কর্মক্ষেত্রে সহাবস্থানের প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে নারী ও পুরুষ একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে—হোক তা মাঠে, কৃষিকাজে কিংবা কলকারখানায়। দেশের উন্নয়নে নারীদের ভূমিকা কোনোভাবেই অস্বীকার করার সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, সর্বশেষ ২০০৮ সালে এই মাঠে বিএনপির চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়া নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়েছিলেন। তারেক রহমান নিজে বরিশাল সফর করেছিলেন ২০০৬ সালের ১৪ মে। আজকের জনসভা শেষে তিনি ফরিদপুরের উদ্দেশে রওনা হন।