সোমবার ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ:
আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্ত হবে আইনের পথেই: মির্জা ফখরুল  মনোনয়নবঞ্চিত কাইয়ুম চৌধুরীর নতুন দায়িত্ব সিলেট সিটির প্রশাসক  তেজগাঁও অফিসে এসে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় তারেক রহমানের  মার্চের মাঝামাঝি সংসদের প্রথম অধিবেশন, ইঙ্গিত সালাহউদ্দিনের  আত্মসংযমেই ন্যায়ভিত্তিক সমাজ গড়া সম্ভব: মির্জা ফখরুল  পুরোনো মুখের সঙ্গে নতুন চমক, বড় মন্ত্রিসভা ঘোষণা  ৩০ বছর পর মন্ত্রীত্বে ফেরা নিতাই রায় চৌধুরী, নতুন দায়িত্ব সংস্কৃতি মন্ত্রণালয়  তারেক রহমানের হাত ধরে পরিবর্তনের পথে বাংলাদেশ  নতুন মন্ত্রিসভায় জায়গা পেলেন যাঁরা  নতুন মুখে ভরপুর ত্রয়োদশ সংসদ, ৭৬ শতাংশই প্রথমবার 

মনোনয়নবঞ্চিত কাইয়ুম চৌধুরীর নতুন দায়িত্ব সিলেট সিটির প্রশাসক 

ফেব্রুয়ারি 23, 2026
মনোনয়নবঞ্চিত কাইয়ুম চৌধুরীর নতুন দায়িত্ব সিলেট সিটির প্রশাসক 

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। গত রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (সিটি করপোরেশন-১ শাখা) এক প্রজ্ঞাপনে সিলেটসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে ছয়জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেয়। আজ সোমবার সকালে এই খবর ছড়িয়ে পড়ে। 

আজ বেলা সোয়া ১১টার দিকে যোগাযোগ করলে আবদুল কাইয়ুম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই। ছাত্ররাজনীতির সময় থেকে সিলেটের মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে ছিলাম। এই নগরের উন্নয়ন কার্যক্রম যাতে সঠিকভাবে পরিচালিত হয় এবং নগরবাসী যাতে যথাযথ সেবা পান, সেটি নিশ্চিত করাই হবে আমার মূল কাজ।’ 

স্থানীয় বিএনপি সূত্র থেকে জানা যায়, আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলনে সিলেটের রাজপথে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন আবদুল কাইয়ুম চৌধুরী। ছাত্রদল, যুবদলের মাধ্যমে বিএনপিকে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ রাখতে দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছেন এই প্রবীণ রাজনীতিবিদ ও সমাজসংগঠক। গত আওয়ামী লীগ সরকারের আমলে সরকারের দমন-নির্যাতনের শিকার বিএনপির নেতা-কর্মীদের পাশে থেকে তিনি কর্মীবান্ধব নেতা হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেন। এছাড়া সিলেটে বন্যা ও করোনাকালীন সময়ে ব্যাপক ত্রাণ কার্যক্রম পরিচালনা করে তিনি আলোচিত হন। 

দলীয় সূত্রের তথ্যমতে, আবদুল কাইয়ুম চৌধুরী গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে দলের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। দলের প্রতি তাঁর নিষ্ঠা ও একাগ্রতা বিবেচনায় অনেকে মনে করেছিলেন, তিনি এই আসনে মনোনয়ন পাবেন। তবে দলটি এই আসনে মনোনয়ন দেয় যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এম এ মালিককে। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর মালিক ১৯ বছর পর দেশে ফিরে মনোনয়ন পাওয়ার জন্য তৎপর হন। 

কাইয়ুমের কয়েকজন অনুসারী বলেন, আবদুল কাইয়ুম চৌধুরী সৎ, দক্ষ, দায়িত্বশীল ও জনবান্ধব নেতা হিসেবে কর্মী-সমর্থকদের কাছে গ্রহণযোগ্য। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক হিসেবে যুবদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সহসভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি। তিনি সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের রাজনৈতিক সচিব হিসেবেও কাজ করেছেন। ২০২২ সালের ২৯ মার্চ ভোটের মাধ্যমে তিনি জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন। ২০২৩ সালের ২৯ অক্টোবর থেকে ২০২৪ সালের ১২ মার্চ পর্যন্ত সিলেটে বিএনপির আন্দোলন-সংগ্রামের সমন্বয়কারী এবং সিলেট বিভাগের সাংগঠনিক দায়িত্বে ছিলেন তিনি। 

এছাড়া বিগত চারদলীয় জোট সরকারের আমলে আবদুল কাইয়ুম চৌধুরী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ছিলেন। তিনি বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য। এছাড়া গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট জেলার সবকটি সংসদীয় আসনে বিএনপির প্রার্থীদের নির্বাচনী কাজের সমন্বয়ক ছিলেন। এই দায়িত্ব পালনকালে তিনি জেলার সব আসন ঘুরে দলের প্রচার-প্রচারণা চালিয়ে প্রার্থীদের জয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। 

কাইয়ুমের দুজন সমর্থক বলেন, সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে আবদুল কাইয়ুম চৌধুরীর মতো নিবেদিতপ্রাণ ও কর্মীবান্ধব ব্যক্তিকে নিয়োগ দেওয়ায় দলের সব স্তরের নেতা-কর্মীরা খুব খুশি। পতিত আওয়ামী লীগ সরকারের শাসনামলে প্রতিটি আন্দোলন-সংগ্রামে কাইয়ুম চৌধুরী সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে তিনি আহতও হন। 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ ক-এর উপধারা (১)-এর অনুসরণে এই ছয়জনকে করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত বা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন