বৃহস্পতিবার ২ জুলাই, ২০২৬
সর্বশেষ:
সাইবার নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর  সাইবার সহিংসতা বন্ধে কঠোর আইন প্রয়োগের আহ্বান রুমিন ফারহানার  প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট–পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয়ে নতুন বার্তা  তিস্তা প্রকল্পে আর দেরি নয়, বাস্তবায়নের বার্তা তারেক রহমানের  নতুন নামে নয়, আওয়ামী লীগের সব কর্মসূচিই নিষিদ্ধ: তথ্য উপদেষ্টা  চীনের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর  বিএনপি-চীনা কমিউনিস্ট পার্টির নতুন অধ্যায়, সই হলো সমঝোতা স্মারক  রাজনীতির দুই মঞ্চে দুই বার্তা, কী চায় জামায়াত?  বাণিজ্য ভারসাম্যে বড় চাপ: চীনের পর ভারতের সঙ্গেও ঘাটতি বাড়ছে   আগামীকাল ঢাকায় ১১ দলের মহাসমাবেশ, রাজনৈতিক অঙ্গনে বাড়ছে উত্তাপ 

সাইবার নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর 

জুলাই 2, 2026
সাইবার নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর 

ঢাকা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে নিরাপত্তার ধারণা আগের মতো নেই। এখন কোনো প্রতিষ্ঠানের সিন্দুক পাহারা দেওয়ার চেয়ে তার তথ্যপ্রযুক্তি অবকাঠামোকে সাইবার হামলা থেকে সুরক্ষিত রাখা এবং দীর্ঘ সীমান্ত পাহারার চেয়েও শক্তিশালী সাইবার নিরাপত্তা নিশ্চিত করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। 

বুধবার রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে আয়োজিত ‘প্রান্তিক কণ্ঠস্বর’ নামে নতুন ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, আধুনিক যুগে যুদ্ধের ধরন বদলে গেছে। এখন শুধু অস্ত্রের লড়াই নয়, তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল অবকাঠামোর নিরাপত্তাও জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ডিজিটাল কারসাজির মাধ্যমে একটি দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা কীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, সেই বাস্তবতা বিশ্ব ইতোমধ্যেই দেখেছে। 

জহির উদ্দিন স্বপন জানান, সরকারের ভবিষ্যৎ তথ্যব্যবস্থাপনায় আনসার বাহিনীর ‘প্রান্তিক কণ্ঠস্বর’ ডিজিটাল প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অ্যানালগ থেকে ডিজিটাল ব্যবস্থায় সফলভাবে রূপান্তর এবং সময়োপযোগী নেতৃত্ব গ্রহণের জন্য তিনি আনসার বাহিনীর নেতৃত্বের প্রশংসা করেন। 

তিনি বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্যকে আধুনিক প্রযুক্তিনির্ভর চিন্তার মাধ্যমে দেশের উন্নয়ন ও জনসেবায় আরও কার্যকরভাবে যুক্ত করার উদ্যোগ প্রশংসার দাবিদার। 

তথ্যমন্ত্রী আরও বলেন, প্রযুক্তি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। তাই ব্যক্তি, প্রতিষ্ঠান ও রাষ্ট্র—সবারই জ্ঞান, দক্ষতা ও চিন্তার ধারাকে সময়ের সঙ্গে নিয়মিত হালনাগাদ করতে হবে। অন্যথায়, আজ যে ব্যক্তি বা প্রতিষ্ঠান আধুনিক, প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে তাল মিলাতে না পারলে অল্প সময়ের মধ্যেই পিছিয়ে পড়বে। 

তিনি আশা প্রকাশ করেন, ‘প্রান্তিক কণ্ঠস্বর’ প্ল্যাটফর্মটি শুধু আনসার বাহিনীর জন্য নয়, বরং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের জন্যও একটি সফল ও অনুসরণযোগ্য ডিজিটাল উদ্যোগ হিসেবে প্রতিষ্ঠিত হবে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ এম সাজ্জাদ মাহমুদ। এছাড়া বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন