চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপ ঘিরে যখন ফুটবল উন্মাদনায় মেতেছে গোটা দেশ, তখন নিজের পছন্দের দল নিয়ে কৌতূহলের অবসান না ঘটালেও একটি স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর বক্তব্যে ফুটবলপ্রেমীদের অনেকেই ইংল্যান্ডের প্রতি তাঁর সমর্থনের আভাস খুঁজে পেয়েছেন।
মঙ্গলবার বিকেলে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র সাংবাদিক সুমন মাহমুদ প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, বিশ্বকাপ ফুটবলে তিনি কোন দলকে সমর্থন করেন।
প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমি দীর্ঘদিন একটি দেশে ছিলাম, বুঝতেই তো পারছেন।” এরপর হাস্যোজ্জ্বল ভঙ্গিতে তিনি ওই সাংবাদিককে উদ্দেশ করে যোগ করেন, “আপনি আপনার উত্তর পেয়েছেন তো?”
প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে অনেকেই ইংল্যান্ডের প্রতি তাঁর সমর্থনের ইঙ্গিত হিসেবে দেখছেন।
উল্লেখ্য, ২০০৮ সালের সেপ্টেম্বরে চিকিৎসার উদ্দেশ্যে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে লন্ডনে যান তারেক রহমান। যুক্তরাজ্যে টানা ১৭ বছরেরও বেশি সময় কাটানোর পর তিনি ২০২৫ সালের ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফিরে আসেন।
এদিকে, ১১ জুন মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে বর্ণাঢ্য উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। এবারের আসরে ইতিহাসে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নিচ্ছে, আর ৩৯ দিনের এই মহাযজ্ঞের পর্দা নামবে আগামী ১৯ জুলাই নিউইয়র্কে অনুষ্ঠিত ফাইনালের মাধ্যমে।
বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ড তাদের অভিযান শুরু করবে ১৮ জুন রাত ২টায়, যখন গ্রুপ পর্বের প্রথম ম্যাচে তারা মুখোমুখি হবে ক্রোয়েশিয়ার।
প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ মন্তব্য ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, বিশ্বকাপের শেষ পর্যন্ত ইংল্যান্ড কতদূর এগোতে পারে এবং প্রধানমন্ত্রীর এই ‘ইঙ্গিত’ কতটা সফল হয়।