প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন (ইসি) রেফারির ভূমিকা পালন করবে এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে বদ্ধপরিকর থাকবে।
রোববার সকালে নির্বাচন ভবনে ঈদ–পরবর্তী মতবিনিময় সভায় ইসি সচিবালয়ের কর্মকর্তাদের উদ্দেশে এসব কথা বলেন সিইসি। তিনি বলেন, “আমরা রেফারির মতো কাজ করব। যারা খেলবে খেলুক, যারা জিতবে জিতুক—আমাদের দায়িত্ব হবে একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা। এ বিষয়ে আমরা অঙ্গীকারবদ্ধ।”
তিনি আরও বলেন, ইসির লক্ষ্য হলো জাতিকে একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া। এ লক্ষ্যে কর্মকর্তাদের নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানান তিনি। সিইসি বলেন, “আজ আমাদের শপথ হতে হবে, আমরা কোনো দলের অনুগত হব না। কাজ করব সম্পূর্ণ আইন ও ন্যায়ের ভিত্তিতে।”
সিইসি জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিক মহলে বলেছেন, তারা একটি ঐতিহাসিক নির্বাচন উপহার দিতে চান। “প্রধান উপদেষ্টার এ ধরনের ঘোষণার পেছনে ইসির প্রতি আস্থাই কাজ করছে,” মন্তব্য করেন সিইসি নাসির উদ্দীন।
তিনি আরও বলেন, নির্বাচনের প্রস্তুতির অনেক কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, আর বাকি কাজগুলো সবাই মিলে সম্পন্ন করতে হবে। সভায় চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।