একটি রাজনৈতিক দলের ক্ষমতার পতন কি তার সাংগঠনিক প্রভাব ও কর্মীদের আনুগত্যেরও অবসান ঘটায়? বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা এই প্রশ্নকে সামনে এনেছে।
দীর্ঘমেয়াদি শাসন কেবল দমন-পীড়নের মাধ্যমে টিকে থাকে না; এর পেছনে অভিজাতদের সমন্বয়, প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণ, পৃষ্ঠপোষকতার নেটওয়ার্ক এবং রাষ্ট্রীয় সম্পদের বণ্টনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি রাজনৈতিক শক্তি কীভাবে দেড় দশক ধরে প্রশাসন ও সাংগঠনিক কাঠামোর ওপর একমুখী প্রভাব বজায় রেখেছিল এবং ক্ষমতাচ্যুতির পরও তার একাংশ মাঠে সক্রিয় থাকতে চাইছে —এর উত্তর খুঁজতে রাজনৈতিক ঘটনাপ্রবাহের পাশাপাশি ক্ষমতা, স্বার্থ, ভয় ও আনুগত্যের মনস্তত্ত্ব বিশ্লেষণ জরুরি। সাংগঠনিক সমাজবিজ্ঞানী অমিতাই এটজিওনির ‘কমপ্লায়েন্স তত্ত্ব’ এবং ‘কোয়ার্সিভ লয়্যালটি’ বা বাধ্যতামূলক আনুগত্যের ধারণা বাংলাদেশের দেড় দশকের শাসন ও পতন-পরবর্তী রাজনীতি বোঝার একটি কার্যকর বিশ্লেষণী কাঠামো দিতে পারে।
বাংলাদেশে আওয়ামী লীগের শাসনামল ও পতন-পরবর্তী অধ্যায় এই বিশ্লেষণী কাঠামোয় বিচার করার মতো একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।
ক্ষমতা, সম্পৃক্ততা ও বাধ্যতামূলক আনুগত্যের কাঠামো
অমিতাই এটজিওনি তাঁর কমপ্লায়েন্স তত্ত্বে দেখিয়েছেন, রাষ্ট্র বা রাজনৈতিক সংগঠন মূলত তিন ধরনের ক্ষমতা প্রয়োগ করে আনুগত্য আদায় করে—আদর্শিক বা নৈতিক ক্ষমতা (Normative Power), উপযোগিতামূলক বা বৈষয়িক ক্ষমতা (Utilitarian Power) এবং জবরদস্তিমূলক ক্ষমতা (Coercive Power)। ক্ষমতার ধরন অনুযায়ী কর্মী ও জনগণের সম্পৃক্ততাও বদলে যায়: আদর্শের আকর্ষণে তৈরি হয় নৈতিক সমর্থন, বৈষয়িক সুবিধার বিনিময়ে গড়ে ওঠে হিসাবি সম্পৃক্ততা, আর বলপ্রয়োগে জন্ম নেয় বিচ্ছিন্নতামূলক মনোভাব। বাস্তবে কোনো শাসনব্যবস্থায় এই তিনটি ধরন একসঙ্গেও কাজ করতে পারে।
এর মূল কথা হলো, বাহ্যিক আনুগত্য মানেই প্রকৃত আদর্শিক সমর্থন নয়। আদর্শিক গ্রহণযোগ্যতা দুর্বল হয়ে পড়লে কর্তৃত্ববাদী কাঠামো প্রথমে বৈষয়িক সুবিধা এবং পরে ভয়, চাপ ও পারস্পরিক দায়বদ্ধতার ওপর নির্ভরতা বাড়ায়। স্বতঃস্ফূর্ত বিশ্বাসের বদলে ভয়, চাপ ও শাস্তির আশঙ্কায় গড়ে ওঠা এই বাধ্যতামূলক আনুগত্যকেই এই নিবন্ধে ‘কোয়ার্সিভ লয়্যালটি’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আদর্শিক বয়ান ও এর ক্ষয়িষ্ণুতা
২০০৯ সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের চেতনা, ১৯৭২ সালের সংবিধানের চার মূলনীতি, যুদ্ধাপরাধের বিচার এবং অসাম্প্রদায়িক বাংলাদেশের বয়ানকে রাজনৈতিক বৈধতার প্রধান উৎস হিসেবে ব্যবহার করে। তবে মুক্তিযুদ্ধের চেতনাকে দলীয় বৈধতার সঙ্গে একীভূত করা, ভিন্নমতকে মুক্তিযুদ্ধবিরোধী হিসেবে চিহ্নিত করার প্রবণতা এবং প্রতিপক্ষের ওপর দমনমূলক ব্যবস্থার অভিযোগের কারণে এই বয়ানের সর্বজনীনতা ক্রমেই দুর্বল হয়ে পড়ে।
গুরুত্বপূর্ণ তাত্ত্বিক বিভাজন: আদর্শের প্রতি আনুগত্য এবং কোনো দলের নেতৃত্বের প্রতি নিঃশর্ত আনুগত্য এক বিষয় নয়। কোনো দল নিজেকে জাতীয় আদর্শের একমাত্র প্রতিনিধি হিসেবে উপস্থাপন করলে জাতীয় আদর্শের প্রতি বিশ্বাস ও দলীয় আনুগত্যের মধ্যে টানাপোড়েন তৈরি হয়, যা দীর্ঘমেয়াদে আদর্শিক ক্ষমতাকে ক্ষুণ্ন করে।
উন্নয়ন, পৃষ্ঠপোষকতা ও ‘কোয়ার্সিভ লয়্যালটি’র ফাঁদ
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল, নির্বাচন কমিশন ও বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে বিতর্ক এবং ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন ঘিরে ওঠা সমালোচনার ফলে দেশে গণতান্ত্রিক বৈধতার সংকট তৈরি হয়। এই প্রেক্ষাপটে পদ্মা সেতু ও মেট্রোরেলের মতো মেগা প্রকল্প, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং সরকারি কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধির মাধ্যমে সরকার ‘উন্নয়নের বিনিময়ে আনুগত্য’ বা হিসাবি সম্পৃক্ততা তৈরির কৌশল নেয়।
দীর্ঘ দেড় দশকে প্রশাসন, ব্যবসায়ী গোষ্ঠী, স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব এবং দলীয় সংগঠনের কিছু অংশের মধ্যে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা, ঠিকাদারি, ব্যাংকঋণ, নিয়োগ ও টেন্ডার বণ্টন নিয়ে দলীয়করণ ও পৃষ্ঠপোষকতার অভিযোগ ওঠে। এ ধরনের পৃষ্ঠপোষক-অনুগত নেটওয়ার্ক (Patron-Client Network) দলে আদর্শিক আনুগত্যের বদলে স্বার্থনির্ভর সম্পর্ককে প্রবল করে তোলে। এ কাঠামোয় আনুগত্য ধরে রাখতে দুটি প্রক্রিয়া বিশেষভাবে কার্যকর হয়ে ওঠে:
- পৃষ্ঠপোষকতা ও দুর্নীতির ফাঁদ: কর্তৃত্ববাদী বা দুর্বল জবাবদিহিমূলক ব্যবস্থায় প্রভাবশালী গোষ্ঠীকে অবৈধ সুবিধা, ঠিকাদারি বা রাষ্ট্রীয় সম্পদের অংশীদার করে নির্ভরতা তৈরি করা হয়; কেউ ভিন্নমত পোষণ করলে তদন্ত, মামলা বা প্রশাসনিক ব্যবস্থার ভয়ে তাঁকে নিয়ন্ত্রণে রাখা সহজ হয়। ভেনেজুয়েলায় সামরিক ও রাজনৈতিক অভিজাতদের রাষ্ট্রীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে রাখার ক্ষেত্রে এ ধরনের নির্ভরতার চক্র লক্ষ করা গেছে। বাংলাদেশের বিগত শাসনামলেও প্রশাসন, ব্যবসায়ী, গণমাধ্যম ও দলীয় নেতাদের একাংশের মধ্যে পৃষ্ঠপোষকতা ও অনৈতিক সুবিধার বিনিময়ে আনুগত্য ধরে রাখার অভিযোগ ব্যাপকভাবে আলোচিত হয়েছে।
অপরাধের ফাঁদ (Complicity Trap): সহযোগীদের এমন কর্মকাণ্ডে জড়িয়ে ফেলা, যাতে ভবিষ্যতে আইনি ও সামাজিক জবাবদিহির আশঙ্কায় তাঁদের স্বাভাবিক জীবনে ফেরার পথ সংকুচিত হয়ে যায় এবং নেতৃত্বের প্রতি নির্ভরতা বাড়ে। ইতিহাসে স্তালিনের শুদ্ধি অভিযান (Great Purge) কিংবা নাৎসি জার্মানির এসএস ও গেস্টাপোর মতো কাঠামোয় অপরাধের অংশীদারত্ব ও বিচারের ভয় শেষ পর্যন্ত আনুগত্য ধরে রাখতে বড় ভূমিকা রেখেছিল। মানবাধিকার পর্যবেক্ষক ও বিশ্লেষকদের অভিযোগ, বাংলাদেশেও গত ১৫ বছরে সামরিক বাহিনীতে বাধ্যতামূলক অবসর ও দমনমূলক পদক্ষেপের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে গুম, খুন ও ক্রসফায়ারের যেসব অভিযোগ উঠেছে, তা ইতিহাসবিদদের সংজ্ঞায়িত ভয়ভিত্তিক নিয়ন্ত্রণ বা‘অপরাধের ফাঁদ’-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
বলপ্রয়োগের সীমা ও পতনের অনিবার্যতা
আদর্শিক গ্রহণযোগ্যতা ও বৈষয়িক প্রণোদনা দুর্বল হয়ে পড়লে শাসকগোষ্ঠী জবরদস্তিমূলক ক্ষমতার ওপর বেশি নির্ভরশীল হয়ে ওঠে। আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিরোধী দলের রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা, গণগ্রেপ্তার, রাজনৈতিক মামলা, সভা-সমাবেশ নিয়ন্ত্রণ, প্রশাসনিক ক্ষমতার রাজনৈতিক ব্যবহার, গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর চাপ এবং ডিজিটাল ও সাইবার নিরাপত্তা আইনের প্রয়োগ নিয়ে দেশি-বিদেশি মহলে ব্যাপক সমালোচনা ছিল।
কিন্তু অতিমাত্রায় বলপ্রয়োগ শাসিতদের মধ্যে বিচ্ছিন্নতামূলক সম্পৃক্ততা (Alienative Involvement) বাড়িয়ে তোলে—মানুষ শাস্তির ভয়ে প্রকাশ্যে নীরব থাকলেও ভেতরে তীব্র ক্ষোভ জমতে থাকে। বিতর্কিত নির্বাচন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাংকিং খাতের অনিয়ম ও অর্থনৈতিক চাপ সরকারের গ্রহণযোগ্যতাকে আরও দুর্বল করে দেয়। অবশেষে ২০২৪ সালের জুলাই-আগস্টে কোটা সংস্কার আন্দোলন বৃহত্তর সরকারবিরোধী গণঅভ্যুত্থানে রূপ নেয়; প্রাণঘাতী বলপ্রয়োগ ও ব্যাপক প্রাণহানির পর ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেন। রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংকটের সম্মিলিত বিস্ফোরণেই দেড় দশকের শাসনের অবসান ঘটে।
পতন–পরবর্তী রাজনীতি ও টিকে থাকার সমীকরণ
ক্ষমতাচ্যুতির পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়; আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কেউ দেশত্যাগ করেন, কেউ আত্মগোপনে যান, আবার কেউ গ্রেপ্তার হন। ২০২৫ সালের মে মাসে অন্তর্বর্তী সরকার দলটি ও এর সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করে এবং নির্বাচন কমিশন নিবন্ধন স্থগিত করে। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে এবং নির্বাচিত সংসদ সেই নিষেধাজ্ঞা বহাল রাখে।
রাষ্ট্রীয় ক্ষমতা ও পৃষ্ঠপোষকতার সুযোগহীন এই প্রতিকূল পরিস্থিতিতে ক্ষমতায় থাকাকালীন যাঁরা কেবল বৈষয়িক সুবিধার কারণে দলের সঙ্গে ছিলেন, তাঁদের বড় অংশ নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। ফলে দেশত্যাগী ও আত্মগোপনে থাকা নেতৃত্ব কর্মীদের সক্রিয় রাখতে দুটি পথের সমন্বয় করছেন—যদিও সব কর্মীর সক্রিয়তার পেছনে একই কারণ কাজ করছে না:
- আদর্শিক আবেগের পুনরুজ্জীবন: সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন বার্তায় মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এবং ঐতিহাসিক ত্যাগের প্রসঙ্গ সামনে এনে মামলা ও নিষেধাজ্ঞাকে নৈতিক সংগ্রাম হিসেবে তুলে ধরা হচ্ছে। নতুন কমিটি ও প্রত্যাবর্তনের আশ্বাসে ঝটিকা মিছিল বা প্রতীকী প্রতিবাদে সক্রিয়দের একাংশ মূলত এই আদর্শিক আবেগেই অনুপ্রাণিত।
- মনস্তাত্ত্বিক চাপ ও ‘কোয়ার্সিভ লয়্যালটি’: আদর্শিক আবেদনের পাশাপাশি দলত্যাগ ঠেকাতে ভয়ভীতি, পারস্পরিক দায়বদ্ধতা, সামাজিক চাপ এবং পেছনের সেতু পুড়িয়ে দেওয়ার (Burning the Bridges) মতো মনস্তাত্ত্বিক কৌশল প্রয়োগের প্রবণতাও লক্ষ করা যাচ্ছে।
সাম্প্রতিক অস্থিরতা ও আন্তর্জাতিক অভিজ্ঞতা
২০২৫ সালের জুলাইয়ে গোপালগঞ্জে সহিংসতা এবং ২০২৬ সালের নভেম্বরে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা নতুন করে রাজনৈতিক অস্থিরতা তৈরি করেছে। এরই মধ্যে ২৪ নভেম্বর ২০২৬-এ শেখ হাসিনার মুখপাত্র ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনার ঘোষণা দেন—যা বাস্তব প্রত্যাবর্তনের নিশ্চয়তা না হলেও মাঠের কর্মীদের চাঙা রাখার কৌশল হিসেবে দেখা হচ্ছে।
পতিত শাসকগোষ্ঠীর টিকে থাকার চেষ্টায় এ ধরনের প্রবণতার আন্তর্জাতিক নজিরও রয়েছে। ২০০৩ সালে ইরাকে বাথ পার্টির পতনের পর নিষিদ্ধকরণ ও অস্তিত্বের সংকট ঘিরে পলাতক নেতৃত্বের একাংশ সহিংসতা ও বিদ্রোহে জড়িয়ে স্বাভাবিক রাজনীতিতে ফেরার পথ রুদ্ধ করেছিল। ২০২২ সালে শ্রীলঙ্কায় গণআন্দোলনের পর রাজাপাকসে পরিবার ও এসএলপিপি (SLPP) নেতৃত্ব তৃণমূল কর্মীদের মধ্যে প্রতিশোধের আশঙ্কা কাজে লাগিয়ে ঐক্য ধরে রাখার চেষ্টা করে। আবার ১৯৮৯-পরবর্তী রোমানিয়ায় সাবেক গোয়েন্দা সংস্থা সিকুরিটাটের (Securitate) পুরনো নেটওয়ার্ক গোপন নথি ও অতীত অনিয়মের ভয় দেখিয়ে সহযোগীদের চাপে রেখেছিল। ঐতিহাসিক ও প্রাতিষ্ঠানিক পার্থক্য থাকা সত্ত্বেও বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটেও পলাতক কিছু কর্মকর্তা ও নেতার মাধ্যমে প্রশাসনের ভেতরে থাকা অতীত সহযোগীদের ওপর একই ধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরির অভিযোগ শোনা যাচ্ছে।
বিভিন্ন দেশের অভিজ্ঞতা থেকে দেখা যায়, ক্ষমতাহীন রাজনৈতিক নেটওয়ার্ক মূলত তিনটি মনস্তাত্ত্বিক ও বাস্তবিক ফাঁদের মাধ্যমে কর্মীদের ধরে রাখার চেষ্টা করে:
১. সামষ্টিক দায়বদ্ধতার অনুভূতি (Perceived Collective Liability): ‘আমরা সবাই একই ঘটনার অংশীদার; আলাদা হলে কেউ রেহাই পাব না’—এমন ধারণা কর্মীদের মধ্যে তৈরি করা।
২. নতুন করে ঝুঁকিতে জড়িয়ে পড়া: নিরাপদ অবস্থান থেকে কর্মীদের নাশকতা বা আইনবিরোধী কর্মকাণ্ডে প্ররোচিত করা, যাতে নতুন মামলায় জড়িয়ে তাঁরা ফেরারি হন এবং নেতৃত্বের মুখাপেক্ষী থাকেন।
৩. ভবিষ্যৎ প্রত্যাবর্তনের মিথ্যা আশ্বাস: ‘আমরা শিগগিরই ফিরে আসব, তখন সব ত্যাগের পুরস্কার দেওয়া হবে’—এমন প্রলোভন ও ভয়ের মিশ্রণে কর্মীদের আটকে রাখা।
বৃত্ত ভাঙার চ্যালেঞ্জ
কমপ্লায়েন্স তত্ত্ব স্পষ্ট করে দেয়, ভয়, চাপ বা বিপদে ফেলে সাময়িকভাবে কিছু মানুষকে নিয়ন্ত্রণে রাখা গেলেও, এটি কোনো টেকসই রাজনৈতিক বা সাংগঠনিক কৌশল নয়; বরং এটি সংগঠনের পতনকে ত্বরান্বিত করে। বাংলাদেশের গণতান্ত্রিক স্থিতিশীলতার প্রধান চ্যালেঞ্জ হলো—পৃষ্ঠপোষকতা, দুর্নীতি, দায়মুক্তি ও ‘কোয়ার্সিভ লয়্যালটি’র এই দুষ্টচক্র ভেঙে জবাবদিহিমূলক, অন্তর্ভুক্তিমূলক ও নৈতিক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা।
মোঃ জিয়াউর রহমান
লেখক ও বিশ্লেষক