একজন ব্যক্তি যেন তাঁর সমগ্র জীবনে সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারেন—এমন একটি সময়সীমা নির্ধারণের পক্ষে মত দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠকের পঞ্চম দিনে এই প্রস্তাব উত্থাপন করে দলটি। বৈঠকের বিরতিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে বক্তব্য দেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
তিনি বলেন, “আমরা মনে করি, কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে তাঁর জীবদ্দশায় সর্বোচ্চ ১০ বছর দায়িত্ব পালন করতে পারবেন। যেহেতু আমাদের একটি টার্ম পাঁচ বছরের, সেই অনুযায়ী কেউ দুবার দায়িত্ব পালনের পর আর এ পদে থাকতে পারবেন না। বিশ্বের অনেক দেশে এ ধরনের নজির রয়েছে। বাংলাদেশের জন্য এটিকে আমরা অত্যন্ত প্রয়োজনীয় মনে করি এবং এ বিষয়ে প্রায় ঐকমত্যও গঠিত হয়েছে।”
আজকের আলোচনায় বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলনসহ প্রায় ৩০টি রাজনৈতিক দল অংশ নেয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার কমিশনের আলোচনায় রাষ্ট্রপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধানের কাঠামো, রাষ্ট্রের মূলনীতি এবং নির্বাচনী এলাকা পুনর্নির্ধারণসহ বিভিন্ন বিষয় উঠে এলেও সেদিন এসব বিষয়ে চূড়ান্ত ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি।