রাজধানীতে ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার ডিএমপির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— ফেনীর দাগনভূঞা ছাত্রলীগের একরাম হোসেন (২৫), আদনান পিপুল (২৫), সজিব রহিম পলক (২৫), সাকের আলম (২৪); চুয়াডাঙ্গা জেলা পরিষদ সদস্য মো. জহুরুল ইসলাম (৪৩); তেজগাঁও কলেজ ছাত্রলীগের আসিবুল হক অর্ণব (২৫); যাত্রাবাড়ী ৬৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মোকাররম হোসেন (৪৮) এবং ওয়ারী ৩৯ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসমিন রহমান (৪৮)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেছেন, নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ব্যানারে রাজধানীর বিভিন্ন স্থানে একাধিকবার মিছিলে অংশ নিয়েছেন। গ্রেপ্তার অভিযান পরিচালিত হয় মোহাম্মদপুর, গাবতলী, যাত্রাবাড়ী ও টিকাটুলি এলাকায়।
ডিএমপির মিডিয়া উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। জুলাই গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ ও ছাত্রলীগের কার্যক্রমের ওপর সাময়িক নিষেধাজ্ঞা রয়েছে।