ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাঁর মৃত্যুর পর এই তিন আসনে নতুন করে তফসিল ঘোষণা করতে হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
গতকাল সোমবার মনোনয়নপত্র জমার শেষ দিনে খালেদা জিয়ার পক্ষে বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। প্রতিটি আসনে একজন করে বিকল্প প্রার্থীর মনোনয়নপত্রও জমা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টায় এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া ইন্তেকাল করেন।
গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহার না করা কোনো বৈধ মনোনীত প্রার্থীর মৃত্যু হলে সংশ্লিষ্ট আসনে নতুন তফসিল ঘোষণা করতে হয়। তবে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেছেন, খালেদা জিয়ার মনোনয়নপত্র এখনো বাছাই হয়নি, তাই তিনি বৈধ প্রার্থী হিসেবে গণ্য হননি। মনোনয়ন বাছাইয়ের পর তিনি বৈধ প্রার্থী হতেন। তাঁর মৃত্যুর কারণে মনোনয়ন স্বয়ংক্রিয়ভাবে স্থগিত হয়ে যাবে।
তিনটি আসনেই বিএনপির বিকল্প প্রার্থী থাকায় আইন অনুযায়ী নতুন তফসিল ঘোষণার প্রয়োজন হবে না। একটি দল একই আসনে একাধিক প্রার্থী মনোনয়ন দিতে পারে। শেষ পর্যন্ত প্রতীক বরাদ্দের চিঠিতে যাঁর নাম থাকবে, তিনিই দলীয় প্রার্থী হবেন।
নির্বাচন কমিশনার আরও বলেন, খালেদা জিয়ার মৃত্যুর কারণে তফসিলে কোনো পরিবর্তন আনার প্রয়োজন বা সুযোগ নেই। তিনটি আসনে বিএনপির বিকল্প প্রার্থী থাকায় নির্বাচন স্বাভাবিকভাবে চলবে।