ঢাকা: কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ বা অন্য কোনো নতুন পরিচয়ে আওয়ামী লীগ কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারবে না বলে স্পষ্ট জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কার্যক্রম নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
জাহেদ উর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝে-মধ্যে ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ বা নতুন নামে দলটির কার্যক্রম নিয়ে আলোচনা দেখা যায়। তবে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকা পর্যন্ত যে নামেই পরিচিত হোক না কেন—‘রিফাইন্ড আওয়ামী লীগ’, ‘নতুন আওয়ামী লীগ’ কিংবা ‘তৃণমূল আওয়ামী লীগ’—কোনো ব্যানারেই দলটি কর্মসূচি পালন করতে পারবে না।
শেখ হাসিনার বক্তব্য প্রচারে সতর্কবার্তা
সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। তিনি জানান, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিছু গণমাধ্যম শেখ হাসিনার বক্তব্য প্রচার করছে, যা আদালতের নির্দেশনার পরিপন্থী।
তিনি বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গণমাধ্যমকে এ ধরনের প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানাবে এবং বিষয়টি আনুষ্ঠানিকভাবেও জানানো হবে। তবে সরকার এ বিষয়ে কঠোর পদক্ষেপের পরিবর্তে গণমাধ্যমকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানাচ্ছে।
দ্রুত গঠিত হবে তথ্য কমিশন
জাহেদ উর রহমান জানান, সরকার শিগগিরই তথ্য কমিশন গঠনের উদ্যোগ বাস্তবায়ন করবে।
সরকারের সাম্প্রতিক কার্যক্রম তুলে ধরা
সংবাদ সম্মেলনে তিনি সরকারের বিভিন্ন সাম্প্রতিক উদ্যোগের কথাও তুলে ধরেন। এর মধ্যে ছিল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফর এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড।
এ সময় উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রিয়াসাত আল ওয়াসিফ।