শনিবার ৪ জুলাই, ২০২৬
সর্বশেষ:
ইসলামী ব্যাংক থেকে ’৭১-এর ইতিহাস—বিভিন্ন ইস্যুতে উত্তাল সংসদ   কালের কণ্ঠসহ চার সংবাদমাধ্যমের বিরুদ্ধে এনসিপির অভিযোগ   সাইবার নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর  সাইবার সহিংসতা বন্ধে কঠোর আইন প্রয়োগের আহ্বান রুমিন ফারহানার  প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট–পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয়ে নতুন বার্তা  তিস্তা প্রকল্পে আর দেরি নয়, বাস্তবায়নের বার্তা তারেক রহমানের  নতুন নামে নয়, আওয়ামী লীগের সব কর্মসূচিই নিষিদ্ধ: তথ্য উপদেষ্টা  চীনের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর  বিএনপি-চীনা কমিউনিস্ট পার্টির নতুন অধ্যায়, সই হলো সমঝোতা স্মারক  রাজনীতির দুই মঞ্চে দুই বার্তা, কী চায় জামায়াত? 

ইসলামী ব্যাংক থেকে ’৭১-এর ইতিহাস—বিভিন্ন ইস্যুতে উত্তাল সংসদ  

জুলাই 4, 2026
ইসলামী ব্যাংক থেকে ’৭১-এর ইতিহাস—বিভিন্ন ইস্যুতে উত্তাল সংসদ  

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ছিল মূলত ২০২৬–২৭ অর্থবছরের বাজেট অধিবেশন। তবে আলোচনার কেন্দ্রবিন্দু শুধু আয়-ব্যয়, কর বা উন্নয়ন ব্যয়েই সীমাবদ্ধ থাকেনি। ইসলামী ব্যাংক, ১৯৭১ সালে জামায়াতে ইসলামীর ভূমিকা, মন্ত্রীদের অনুপস্থিতি, সীমান্তে ‘পুশ ইন’, প্রধানমন্ত্রীর বিদেশ সফর এবং বিরোধী দলের ওয়াকআউটসহ নানা রাজনৈতিক ও জাতীয় ইস্যুতে সরব ছিল সংসদ। 

গত ৭ জুন শুরু হওয়া অধিবেশনে ১১ জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেন। দীর্ঘ আলোচনা শেষে ৩০ জুন বাজেট পাস হয়। যদিও অধিবেশন ৭ জুলাই পর্যন্ত মুলতবি রাখা হয়েছে। 

বাজেট নিয়ে সরকার–বিরোধী দলের অবস্থান 

সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, এবারের বাজেটের ওপর মোট প্রায় ৪৯ ঘণ্টা আলোচনা হয়েছে। ২০২৬–২৭ অর্থবছরের বাজেট নিয়ে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতাসহ মোট ২৯১ জন সংসদ সদস্য বক্তব্য দেন। 

সরকারি দলের সদস্যরা বাজেটকে জনকল্যাণমুখী, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিবান্ধব হিসেবে উল্লেখ করেন। তাঁদের দাবি, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, সামাজিক নিরাপত্তা ও কর্মসংস্থানে বরাদ্দ বৃদ্ধির মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নের চেষ্টা করা হয়েছে। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যে কর কমানোর প্রস্তাব সাধারণ মানুষের জন্য স্বস্তি বয়ে আনবে বলেও তারা মত দেন। 

অন্যদিকে বিরোধী দল বাজেটকে উচ্চাভিলাষী ও ঋণনির্ভর আখ্যা দিয়ে বাস্তবায়ন সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আহরণ, দুর্নীতি দমন এবং সরকারি ব্যয়ের দক্ষতা নিশ্চিত না হলে বাজেটের সুফল পাওয়া যাবে না বলে তাদের দাবি। একই সঙ্গে সুদমুক্ত ও জাকাতভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা চালু এবং অর্থবছর জানুয়ারি-ডিসেম্বর করার প্রস্তাবও দেওয়া হয়। 

স্বাস্থ্য ও স্থানীয় উন্নয়নেও গুরুত্ব 

বাজেট আলোচনায় স্বাস্থ্য খাতও বিশেষ গুরুত্ব পায়। হাসপাতালের শয্যা ও বরাদ্দ বৃদ্ধির উদ্যোগকে স্বাগত জানালেও সংসদ সদস্যরা জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসকের সংকট, স্বাস্থ্যসেবার দুর্বলতা এবং অবকাঠামোগত সীমাবদ্ধতার বিষয় তুলে ধরেন। 

এ ছাড়া মাদক নিয়ন্ত্রণ, স্থানীয় সড়ক উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান, কৃষি প্রকল্প, বাঁধ নির্মাণ এবং শিল্প স্থাপনের দাবিও আলোচনায় উঠে আসে। 

মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা নিয়ে উত্তপ্ত বিতর্ক 

অধিবেশনের অন্যতম আলোচিত বিষয় ছিল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর ভূমিকা। 

সরকারি দলের একাধিক সদস্য দলটির স্বাধীনতাবিরোধী অবস্থানের সমালোচনা করেন। বিএনপির সংসদ সদস্য রফিকুল ইসলাম স্বাধীনতার বিরোধিতাকারী রাজনৈতিক দল নিষিদ্ধ করার দাবি জানান। 

স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মুক্তিযুদ্ধে দলটির অবস্থানের জন্য জামায়াতের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল এবং এখনো সেই সুযোগ রয়েছে। একই সঙ্গে তিনি স্বাধীনতা প্রশ্নে দলটির স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানান। 

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও বলেন, ইতিহাসের যেসব অধ্যায় জামায়াতের পক্ষে নয়, সেগুলো উপেক্ষা করা উচিত নয়। 

অন্যদিকে জামায়াতের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম সরাসরি অতীতের ব্যাখ্যা না দিয়ে প্রশ্ন তোলেন, জামায়াত না থাকলে সেই রাজনৈতিক শূন্যতা কে পূরণ করবে। পাশাপাশি তিনি আওয়ামী লীগকে পুনর্বাসনের বিষয়ে সরকারের অবস্থান নিয়েও প্রশ্ন করেন। 

ইসলামী ব্যাংক নিয়ে তুমুল বিতর্ক 

অধিবেশনে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের উত্থাপিত একটি প্রস্তাবকে কেন্দ্র করে ইসলামী ব্যাংকের মালিকানা, ব্যবস্থাপনা ও রাজনৈতিক প্রভাব নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে তীব্র বিতর্ক হয়। 

বিরোধী দলের অভিযোগ, গোয়েন্দা সংস্থার সহায়তায় ব্যাংকটির শেয়ার নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। তারা প্রকৃত মালিকদের কাছে শেয়ার ফিরিয়ে দেওয়া, সাবেক চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে পুনর্বহাল এবং সংসদীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানায়। 

সরকারি দলের পক্ষ থেকে পাল্টা অভিযোগ করা হয়, রাজনৈতিক উদ্দেশ্যে ইসলামী ব্যাংককে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। ব্যাংকটির আর্থিক ব্যবস্থাপনা, অনিয়ম এবং রাজনৈতিক অর্থায়নের অভিযোগও সংসদে উত্থাপিত হয়। 

এ ছাড়া ঋণখেলাপি, অর্থপাচার, এস আলম, আদানি ও সামিট গ্রুপের সঙ্গে বিভিন্ন চুক্তি নিয়েও সরকারের কাছে ব্যাখ্যা চান বিরোধী দলের সদস্যরা। 

‘পুশ ইন’ ইস্যুর আলোচনা স্থগিত 

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কথিত ‘পুশ ইন’ এবং সীমান্ত হত্যা নিয়ে আলোচনার জন্য জামায়াতের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম একটি নোটিশ দেন। 

যদিও আলোচনার দিন নির্ধারণ করা হয়েছিল, পরে ডেপুটি স্পিকার কায়সার কামাল সময়সংকটের কারণ দেখিয়ে তা স্থগিত করেন। এ সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেও জানানো হয়, বিষয়টি পরবর্তীতে আলোচনার সুযোগ পাবে। 

মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন 

বাজেট আলোচনার সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের অনুপস্থিতি নিয়েও বিরোধী দল একাধিকবার আপত্তি জানায়। 

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, যে মন্ত্রণালয় নিয়ে আলোচনা হচ্ছে, সেই মন্ত্রণালয়ের প্রতিনিধির অনুপস্থিতি সংসদের কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। 

স্পিকার হাফিজ উদ্দিন আহমদও এ বিষয়ে চিফ হুইপের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ হতে পারে না এবং মন্ত্রীদের উপস্থিতি নিশ্চিত করা প্রয়োজন। 

প্রধানমন্ত্রীর বিদেশ সফরে সংসদের ধন্যবাদ 

অধিবেশন চলাকালেই প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফেরেন। 

ফেরার পর স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদে প্রধানমন্ত্রীর সফল সফরের জন্য ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান আলোচনায় অংশ নেওয়ার পর কণ্ঠভোটে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। 

ওয়াকআউট করে বিরোধী দল 

অধিবেশনের শেষ দিকে একদিন সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল। 

তাদের অভিযোগ ছিল, পূর্বঘোষণা ছাড়া দুটি বিল উত্থাপন করা হয়েছে, বিলের কপি আগে দেওয়া হয়নি, পয়েন্ট অব অর্ডারে কথা বলার সুযোগ সীমিত রাখা হয়েছে এবং সরকারি দলের সদস্যদের তুলনায় বিরোধী দলকে কম সময় দেওয়া হয়েছে। 

এ ছাড়া মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা নিয়ে সরকারি দলের সমালোচনার প্রতিবাদও ওয়াকআউটের অন্যতম কারণ হিসেবে উঠে আসে। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও পড়ুন