পুরান ঢাকায় এক ব্যবসায়ী হত্যার ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে ছাত্রদলের বিরুদ্ধে ‘মব’ তৈরি করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন। তিনি দাবি করেছেন, একটি গোপন সংগঠন কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করে ছাত্রদলের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং তাদের ঘিরে সংঘবদ্ধভাবে উত্তেজনা সৃষ্টি করছে। এই ষড়যন্ত্রের পেছনে শিবিরের গুপ্ত কর্মীরা জড়িত বলে ইঙ্গিত করেন তিনি।
আজ সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচির আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাছির। তিনি বলেন, “শুধুমাত্র মিটফোর্ড হত্যাকাণ্ডকে ঘিরে এই মব গঠন ও প্রোপাগান্ডা চালানো হচ্ছে। অথচ গত সপ্তাহেই আরও কয়েকটি ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছে, সেগুলো নিয়ে কোনো আন্দোলন বা উত্তেজনা দেখা যায়নি।”
নাছিরের অভিযোগ, মিটফোর্ডের ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম টেনে প্রোপাগান্ডাও ছড়ানো হচ্ছে। এভাবে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করে রাজনীতিতে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।
এই প্রেক্ষাপটেই ছাত্রদল রোববার একটি প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে। আজকের বিক্ষোভ মিছিল ছিল সেই ধারাবাহিকতায়। নাছির উদ্দিন জানান, “আমরা শান্তিপূর্ণভাবে আমাদের অবস্থান তুলে ধরতে চাই। বিশৃঙ্খলা সৃষ্টি আমাদের উদ্দেশ্য নয়।”
আজ বিকাল সাড়ে তিনটায় নয়াপল্টন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কাকরাইল, মৎস্য ভবন, প্রেসক্লাব, কার্জন হল, টিএসসি হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। এতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, মহানগর, কলেজ, থানা ও বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।